বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।

বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলোচনায় বৈশ্বিক বিভিন্ন ইস্যুও গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর পড়া অসম প্রভাবের বিষয়টি তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।