
দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) মোট তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় জানানো হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
অনুমোদন অনুযায়ী, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে দুই লাখ টন ডিজেল কেনা হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে।
