
ঈদের দিন মেঘাচ্ছন্ন আকাশ, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেও দর্শনার্থীর ঢল নেমেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।
আজ শনিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য।
ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জলহস্তি, গন্ডার দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে।
দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায় এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।
শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দর্শনার্থীর ভিড়। ১৩৭ প্রজাতির ৩ হাজারেরও বেশি পশু-পাখির এই রাজ্যে ছোট-বড় সব বয়সি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিশুসহ সব বয়সী দর্শনার্থীর নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যেন কেউ হয়রানির শিকার না হন। ঈদের দিন কয়েক লাখ দর্শনার্থী সমাগম প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (২২ মার্চ) ও সোমবার (২৩ মার্চ) এই সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা।
