ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা যেন এক অন্য রূপে সেজেছে। চিরচেনা কোলাহল, ব্যস্ততা আর যানজটের শহরটি হঠাৎ করেই হয়ে উঠেছে শান্ত, নিরিবিলি এবং অনেকটাই ফাঁকা। প্রতিবারই ঈদের আগের কয়েক দিন থেকেই মানুষজন দলে দলে গ্রামে ছুটতে শুরু করেন। এবারের চিত্র যেন আরও বেশি স্পষ্ট—রাস্তা, অলিগলি, এমনকি ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতেও বিরাজ করছে এক ধরনের অচেনা নীরবতা, যা ঢাকাকে এক ভিন্ন অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে।

সরেজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, মতিঝিল, শাহজাহানপুর, খিলগাঁওসহ ব্যস্ত এলাকাগুলো একদম ফাঁকা। যানজট না থাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলেও সময় অনেক কম লাগছে। গণপরিবহন চলাচলও কমে গেছে। সিএনজি অটোরিকশা ও রিকশার চলাচলও স্বাভাবিকের তুলনায় কম।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ ঘিরে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী। চুরি, ছিনতাই ও ডাকাতি- এই ভয়ের অন্যতম কারণ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদের ছুটিতে রাজধানী যখন অনেকটাই ফাঁকা, তখন নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। অপরাধীরা যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তল্লাশিচৌকি (চেকপোস্ট) বাড়ানো হয়েছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকাগুলো বিশেষ নজরদারিতে থাকবে।

অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি সীমিত সম্পদ ও জনবল নিয়ে নাগরিকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাসিন্দাদের বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং বিদ্যমান ক্যামেরাগুলো সচল রাখার অনুরোধ জানান।

এদিকে ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাচ্ছেন। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।