দুস্থদের ঈদ উপহার দিল জামায়াত ও চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে ফুডপ্যাক তুলে দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ঈদ উপহার বিতরণের এ আয়োজনে স্থানীয় এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ঈদুল ফিতর হচ্ছে কৃতজ্ঞতা ও আশীর্বাদ ভাগ করে নেওয়ার অন্যতম একটি সময়। এ অনুদানের মাধ্যমে চীন একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে স্থানীয় বাসিন্দাদের প্রতি উষ্ণতা ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়।

জনগণের উপকার এবং উভয় দেশের কল্যাণ বৃদ্ধি করে, এমন আরও প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে চীন।
খাদ্য সহায়তার এ অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ খাদ্য প্যাকেটগুলো বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

এ সময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জামায়াতে ইসলামীর গুরুত্ব তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর।

পাশাপাশি আগামীতে আন্তঃদলীয় মতবিনিময় আরও গভীর করা, তৃণমূল পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে জনগণের কল্যাণ নিশ্চিতে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।