কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ঢল, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

সরকারি শেষ কর্মদিবস শেষ হওয়ায় সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের যে চাপ দেখা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কমলাপুর স্টেশনে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ট্রেনই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে স্টেশন ছাড়ছে। তবে আশার কথা হলো, যাত্রীচাপ কয়েকগুণ বাড়লেও এখন পর্যন্ত কোনো ট্রেন ছাড়তে বিলম্ব হয়নি। ট্রেনের শিডিউল বিপর্যয় না হওয়ায় এবং সব কার্যক্রম সুশৃঙ্খল থাকায় স্টেশনে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও উৎফুল্লভাব লক্ষ্য করা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে বিনা টিকিটে প্ল্যাটফর্মে ঢুকতে পারছে না কেউ। ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবার তিন স্তরের নিরাপত্তা ও টিকিট চেকিং ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের সময় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্টেশনের ভেতরে থাকা ডিউটিরত টিটিই জানান, কেউ টিকিট ছাড়া ট্রেনের ভেতরে প্রবেশ করলে প্রাথমিকভাবে ৫০ টাকা থেকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হচ্ছে। তবে, যাত্রীদের চাপ বেশি থাকায় টিকিট ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।