পবিত্র লাইলাতুল কদর আজ 

ধর্ম ডেস্ক

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।

ইসলামি বর্ণনা অনুযায়ী, রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। এ উপলক্ষে দেশে ২৭ রমজান সরকারি ছুটি পালন করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতেই পবিত্র আল-কোরআন অবতীর্ণ হয়। কোরআনে ‘আল-কদর’ নামে একটি সূরা রয়েছে, যেখানে এ রাতের মর্যাদা ও ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।

‘শবেকদর’ শব্দটি ফারসি; ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা সম্মান। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল কদর, যার অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং বান্দাদের জন্য রহমত ও বরকতের দ্বার উন্মুক্ত করেন।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া এক বার্তায় দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে লাইলাতুল কদরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলির বিকাশের মাস— আর লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি ও ন্যায়ের পথকে সুদৃঢ় করে।

দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও অগ্রগতি কামনা করে প্রধানমন্ত্রী সবাইকে এই রাতে বেশি বেশি ইবাদত করার আহ্বান জানান।

এদিকে শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।