সৌদি আরবে অমানুষিক নির্যাতনের শিকার ললি চৌধুরী দেশে ফিরলেন; ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ত্বরিত সহায়তা প্রদান

উন্নত জীবনের আশায় এবং সাত ভাই-বোনের বড় সংসারে একটু আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন হবিগঞ্জের মেয়ে ললি চৌধুরী। দীর্ঘ তিন বছর পর দেশে ফিরলেও শরীরে ও মনে অমানুষিক নির্যাতনের ক্ষত নিয়ে বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় পরিবারের কাছে ফিরেছেন।

পরিবারের মুখে হাসি ফোটাতে তিন বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ললি চৌধুরী। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, একটি বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করার সহজ কাজ এবং ভালো বেতন দেওয়া হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পরই পাল্টে যায় দৃশ্যপট। গৃহকর্মী হিসেবে তাকে দিয়ে সারাদিন অমানুষিক পরিশ্রম করানো হতো এবং ঠিকমতো খাবার দেওয়া হতো না।

পরিবারের অভাবের কথা চিন্তা করে তিনি দীর্ঘ দিন মুখ বুজে সব সহ্য করেছিলেন। কিন্তু বিগত ছয় মাস ধরে তার ওপর নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। তাকে নিয়মিত মারধরের পাশাপাশি হাতে ও পিঠে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে অমানুষিক নির্যাতন চালানো হতো। দিনে মাত্র একবেলা খাবার দিয়ে তাকে দিয়ে কাজ করানো হতো। এছাড়া প্রথম থেকেই বেতন নিয়ে টালবাহানা করা হতো এবং শেষ তিন মাস তাকে কোনো টাকাই দেওয়া হয়নি। এই ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনেই তিনি একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেলেন।

ললি বেগম চৌধুরী গত রাতে এয়ার এরাবিয়া (G9 514) ফ্লাইটে করে অত্যন্ত বিপর্যস্ত ও ট্রমাটাইজড অবস্থায় দেশে ফিরে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অত্যন্ত অসুস্থ ও লক্ষ্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার পরিবারের কোনো সদস্যের খোঁজ না পাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা শাখা এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাকে নিরাপদ আশ্রয়ের জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার-এর কাছে হস্তান্তর করে।

উদ্ধারের সময় ললি প্রচণ্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাকে জরুরি আবাসন, খাবার এবং নিবিড় পরিচর্যা প্রদান করে। সেখানে যত্নের মাধ্যমে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং নিজের পরিচয় ও বাড়ির সঠিক ঠিকানা দিতে সক্ষম হন।

পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার বাবা তাকে নিতে ঢাকায় আসেন। পরিবারের আদরের সন্তানকে এমন বিপর্যস্ত অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা।

বর্তমানে ললি বেগম চৌধুরীকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে এবং তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক পুনর্বাসনের পাশাপাশি আইনি সহায়তার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে।