
দুই সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার (৯ মার্চ) সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, দু’জন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রতিবেদনে জানা গেছে, সাংবাদিক কামরুল হাসান ৮ মার্চ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে ডিআরইউ থেকে তার কর্মস্থল তেজগাঁওস্থ দৈনিক সমকাল অফিসে যাওয়ার পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি) অফিসের দক্ষিণ গেইটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করে এবং প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে সোবানআল্লাহ নামের একটি বাস ছিল, যা এজি অফিসের কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয় বলে জানা গেছে।
এর আগে রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সময় টিভির গাড়ি বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়লে ঘটনা ঘটে।
ট্রাফিক সার্জেন্ট গাড়ি চলাচল বন্ধ করলে চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন তিনি। এই দৃশ্য মোবাইলে ধারণের চেষ্টা করতে গিয়ে সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষের ওপরও এক যুবক হামলা চালায়।
