আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী নারীর অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন করা হয়েছে। নারী অধিকার, সমতা এবং নারীর অবদানকে স্বীকৃতি দিতে আলোচনা সভা, শোভাযাত্রা ও সম্মাননা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অবদান রাখা নারীদের অদম্য নারী পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠান যৌথভাবে কর্মসূচি পালন করছে। এ বছর প্রচারাভিযানের মূল বিষয় হলো গিভ টু গেইন, যা নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়।

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নারী শ্রমিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, দীর্ঘ কর্মঘণ্টা এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। পরে ১৯০৯ সালে নারী অধিকার নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য— ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’