ঈদ কেনাকাটায় গাউসিয়া-নিউমার্কেটে উপচে পড়া ভিড়

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে গাউসিয়া ও নিউমার্কেট এলাকায় কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকেই গাউসিয়া–নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, নুরজাহান মার্কেট, গ্লোব মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের অলিগলিতে মানুষের ভিড় বাড়তে থাকে।

এদিকে ব্র্যান্ড শপগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সাধারণ দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও মানুষের ভিড় বেশ লক্ষ্য করা গেছে। কেউ দেখছেন, আবার কেউ কিনছেন।

ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে তুলনামূলক কম ক্রেতা থাকলেও এখন ধীরে ধীরে ভিড় বাড়ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা।

গ্লোব মার্কেটের ব্যবসায়ী সফিক বলেন, রোজার শুরুতে বেচাকেনা একটু কম ছিল। তবে গত দুই-তিন দিন ধরে ক্রেতা বাড়তে শুরু করেছে। শুক্রবার হওয়ায় আজ ভিড় আরও বেশি। সামনে ঈদের সপ্তাহে অনেক বেশি বেচাকেনা হবে বলে আশা করছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব এলাকায় বেশ ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।