চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

এশিয়ান কাপের মঞ্চে পরাশক্তি চীনের বিপক্ষে এশিয়ান কাপের মঞ্চে দারুণ লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। কোচ পিটার বাটলারের প্রধান লক্ষ্য ছিল, গোল হজম না করা। সেক্ষেত্রে পুরোপুরি সফল হতে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়নদের কাছে হেরেছে ২-০ গোলে।

অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ৪০ মিনিট পর্যন্তও চীনের সঙ্গে টক্কর দিয়ে খেলেছে বাংলাদেশ। ১৪ মিনিটে ঋতুপর্ণার দুরপাল্লার শট থেকে আরেকটু হলেই গোল হয়ে যেত। চীনের গোলকিপারের দৃঢ়তায় তা হয়নি। উল্টো ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে আফাইদা খন্দকারের দল।

প্রথম গোলটির কৃতিত্ব পুরোপুরি ওয়াংয়ের। সতীর্থের থ্রু পাস ধরে ওয়াংয়ের দৃষ্টিনন্দন কোনাকুণি শট গোলকিপার মিলিকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশের হজম করা দ্বিতীয় গোলটিতে কিছুটা দুর্ভাগ্যও জড়িত। প্রতিপক্ষের আক্রমণ মিলি ফিস্ট করার পর বল চলে যায় ঝ্যাং রুইয়ের কাছে। তার নিচু শট ডিফেন্ডার কোহাতি কিস্কুর পায়ে লেগে দিক পাল্টে, মিলিকে বিভ্রান্ত করে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে রক্ষণ ঠিক রেখে গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশের মেয়েরা। তবে কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। ৮৬ মিনিটে নাকে আঘাত পাওয়া হালিমাকে তুলে মিডফিল্ডার আনিকা রানিয়াকে মাঠে নামান কোচ পিটার বাটলার। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে বাংলাদেশি বংশোদ্ভুত সুইডেন প্রবাসী আনিকার।