১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬ থেকে ১৯-২০ সেশনের এক বিষয়ে ফেলকৃতদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ ঘোষণা নিয়ে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় অর্ধশত শিক্ষার্থী এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো –

* ১৫-১৬ থেকে ১৯-২০ সেশনের এক বিষয়ে ফেলকৃতদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ ঘোষণা
* গ্রেস মার্ক প্রদান
* দ্রুত ফল প্রকাশ
* মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করা

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ফলাফলের অসঙ্গতি ও দীর্ঘসূত্রতার কারণে অনেকেই অনিশ্চয়তায় পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আন্দোলনরতদের অভিযোগ, অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছেন, অথচ তাদের পাশেই অপেক্ষাকৃত দুর্বল পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ঠিকই উত্তীর্ণ হয়েছেন।