যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, ৩ জন আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগ ঘুণ্টিঘর এলাকায় দ্রুততম একটি বাস যাত্রাবাহী লেগুনাকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৫৮), সাইফুল ইসলাম (৫৫)। আহতরা হলেন- শফি (২২), আকাশ (৩৫), লেগুনা চালক রাজু (২৮)।

আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সাথে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা।

অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, মীর হাজারীবাগ ঘুণ্টিঘর এলাকায় একটি দ্রুতগতির বাস যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দিলে ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় বাস চালক স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।