
স্পোর্টস ডেস্ক
জয়ের জন্য বড় পুঁজি দরকার হয়-এমন ধারণা ফের ভুল প্রমাণ করল বাংলাদেশ নারী দল। ব্যাট হাতে মাত্র ১১০ রান, কিন্তু শৃঙ্খলিত বোলিং আর আগ্রাসী মানসিকতায় সেই সংগ্রহই পরিণত হলো পাহাড়সম চ্যালেঞ্জে। সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত নারী টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফাহিমা খাতুনের দল।
থাইল্যান্ডের ব্যাংককে একপেশে এই জয়ে ২২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
এশিয়া কাপের সেমিফাইনালে আজ দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
আজ লো-স্কোরিং এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১০ রান। ওপেনিং জুটিতে ৩.৫ ওভারে আসে ১৯ রান। শামীমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে নেমে শারমিন সুলতানা করেন ১৫ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল।
তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, শরিফা শূন্য, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। ফাহিমার দায়িত্বশীল ব্যাটিংয়েই তিন অঙ্কের ঘরে পৌঁছায় বাংলাদেশ।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান অধিনায়ক ফাহিমা খাতুন। হুরাইনা সাজিদকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।
মাঝে ইউসরা আমির ১১ ও অধিনায়ক হাফসা ১২ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালালেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলীয় ৫০ রান হওয়ার আগেই ৭ ব্যাটার সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। দুটি উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া ফারিয়া তৃষ্ণাসহ আরও তিন বোলার একটি করে উইকেট নেন। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক ফাহিমা। এখন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় টাইগ্রেসরা।
