চকবাজারে ইফতারির বাজারে জনসমাগম

রমজানের ২য় দিনে জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে ৪০০ বছরের পুরোনো এ বাজার এখনো রোজাদারদের অন্যতম আকর্ষণ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সরেজমিনে চকবাজারে গিয়ে দেখা যায়, জুম্মার নামাজের পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দুপুর থেকেই। ইফতারের সময় যতোই গড়াচ্ছে, ক্রেতার সংখ্যাও বাড়ছে।

সাধারণ পাড়া মহল্লায় ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ইফতারির দৈনিক উপকরণ হিসেবে বিক্রি হয়ে থাকলেও চকবাজারের ইফতারি বাজার কিছুটা আলাদা। এখানকার ‘বড় বাপের পোলায় খায়’ যেমন বিখ্যাত, তেমনি রসনা বাড়াতে জুড়ি নেই প্রায় ১০০ রকম ইফতারির আইটেমেরও।

খাসির পা থেকে শুরু করে হরেক রকম ইফতারি পাওয়া যায় এই চকবাজারে। এর মধ্যে রয়েছে চিকেন আচারি ১২০ টাকা, শাহী রুটি ৮০-১০০ টাকা, দই বড়া ৫ পিস ২০ টাকা, চিকেন সাসলিক ৮০ টাকা, চিকেন স্টেক ৮০ টাকা, চিকেন লেগপিস ৮০ টাকা, তান্দুরি চিকেন ১০০ টাকা, চিকেন বল ৬০ টাকা, চিকেন বান ৪০ টাকা, শর্মা ৪০ টাকা, চিকেন টোস্ট ৬০ টাকা, ডিম চপ ২০ টাকা, শাহী পরোটা ৬০-৮০ টাকা, খাসির লেগপিস ৯০০ টাকা, কোয়েল পাখি পিস ৯০ টাকা, টিকা ১০-৩০ টাকা, সমুচা ২০ টাকা, সুতি কাবাব কেজি ১৬০০ টাকা, নিমকি ২০ টাকা, শাহী জিলাপি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ঘুঘনি পাওয়া যায়, যা বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকার মধ্যেই।

এদিকে চকবাজারের অন্যতম আকর্ষণ বড় বাপের পোলায় খায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। সামনে গেলেই শোনা যায় সে মজার ছন্দের ডাক, ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’, ‘ধনী-গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়’। বড় বাপের পোলায় খায় মূলত মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল, মাংসের কিমা ও নানা ধরনের মসল্লা দিয়ে তৈরি করা হয়।

চকবাজারের বেশিরভাগ ইফতার বিক্রেতারা বংশ পরম্পরায় এখানে ব্যবসা করছেন। তবে তাদের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীও রয়েছেন ,যারা শুধু রমজান মাসেই এখানে ইফতারি বিক্রি করেন। তবে এখানকার ক্রেতারা শুধুমাত্র পুরান ঢাকার নয়, বরং ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষজনও ইফতারির স্বাদ নিতে এখানে আসেন।