শান্তিপূর্ণ দেশ গড়তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।

তিনি বলেন, ‘সংসদ সদস্য নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য তুলে ধরে ডুজারিক বলেন, জাতিসংঘ বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়।

তিনি আরও জানান, মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখা, আইনের শাসন নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের ওপর জোর দেন।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছে। এই কঠিন ও বিভক্ত সময়েও রমজানের তাৎপর্য স্মরণ করে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।