
রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা আগুনের ঘটনা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এর আগেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ক্ষতি হয়।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা জানান, বহু বছরের পুঁজি ও সঞ্চয় মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
