সাবেক স্ত্রীর ভিডিও ছড়ানোর অভিযোগে রিমান্ডে আসামি

সাবেক স্ত্রীর গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর দক্ষিণখান থানায় করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার আসামি অন্তর পারভেজ হিমনকে (২৬) এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ডিএমপি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক বিপ্লব চন্দ্র রায় আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের মোক্তারবাড়ীর একটি ভাড়া বাসা থেকে আসামি অন্তর পারভেজ হিমনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি পারভেজ হিমন ভুক্তভোগী নারীর সাবেক স্বামী। তালাক দেওয়ার পরও বিভিন্ন সময়ে অজ্ঞাত নম্বর ও আইডি থেকে হোয়াটসঅ্যাপে তাদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পাঠিয়ে আসছিলেন তিনি। এতে বাদীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এমনকি আসামি পারভেজ হিমন অন্যান্য তিন-চারজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা গ্রেফতারের পর তিনি স্বীকার করেছেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত মূল রহস্য উদ্‌ঘাটন, কোন কোন আইডি দিয়ে কোথায় ভিডিও ছড়ানো হয়েছে এবং অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য হিমনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে ভুক্তভোগী নারী আসামি পারভেজ হিমনকে বিয়ে করেন। পরে তাদের একটি পুত্রসন্তান হয়। ২০২৫ সালের আগস্টে কাজী অফিসের মাধ্যমে ভুক্তভোগীকে তালাক দেন হিমন। তালাকের পর ভুক্তভোগীর সঙ্গে দাম্পত্য জীবনের সময়কার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সংরক্ষণ করে রাখেন তিনি। পরে গত বছরের ১৬ অক্টোবর অজ্ঞাত আইডি থেকে সেই ভিডিও ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়।

এছাড়াও ফেসবুকের বিভিন্ন অজ্ঞাত আইডি ব্যবহার করে ভুক্তভোগীকে তার গোপন ভিডিও পাঠানো হয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় গত বছরের ১২ ডিসেম্বর তিনি আসামিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।