আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের দায়ের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ এই অন্তর্বর্তী আদেশ দেন।

শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরদিকে আবেদনকারী পক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়।