৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে এই রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে।