
রাজধানীর নয়াপল্টন এলাকায় এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শারমিন একাডেমি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশি তদন্ত শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত সব কয়টি যোগাযোগ নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্কুল ভবনের কেয়ারটেকার কামরুল হক জানান, গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা থাকলেও আজ সকাল থেকে কাউকে আসতে দেখেননি তিনি। কেন হঠাৎ স্কুল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়েও তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক শিশু শিক্ষার্থীকে হাত ধরে একজন নারী শিক্ষক অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধমক দেওয়া হয়।
এরপর সোফায় বসে থাকা অবস্থায় অফিসে থাকা এক পুরুষ শিক্ষক চেয়ার থেকে উঠে গিয়ে শিশুটির মুখ, মাথা, গলা চেপে ধরেন। নারী শিক্ষক ওই সময় তার হাত ধরে রাখেন। আরও কয়েক দফা তার ওপর এভাবে শারীরিক নির্যাতন চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
তারা বলছেন, স্কুল হলো সেকেন্ড হোম, আর শিক্ষকরা বাবা-মা সমতুল্য। সেই স্কুলে যখন শিশুরা নিরাপদ না সেটি বন্ধ করে দেওয়া প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলের ভেতরে শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২১ জানুয়ারি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় ডাকা হয়েছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চশমা পরা, ঘিয়ে রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করছেন। পাশে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত ধরে রাখেছেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে আঘাত করছেন।
পল্টন থানা পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে তারা শুধু সময় নিচ্ছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, আমরা অভিভাবকদের ডেকেছিলাম। তারা এসেছিল। এ ধরনের একটা ঘটনা, আমরা অভিযোগ দিতে বলেছি। তারা সময় নিয়েছে, হয়তো আজকে জানাবে। অভিযোগ দিলে ব্যবস্থা নেব। তিনি জানান, স্কুলটি নয়া পল্টনের গলির ভেতরে।
