
মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টারে আটকে থাকা নির্যাতনের শিকার ৮ জন বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দেশে ফিরেছেন।
তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৯৮ নম্বর ফ্লাইটযোগে সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবন ও কম্পিউটার-সংক্রান্ত ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কেউ দুবাই, কেউ মালয়েশিয়া এবং কেউ সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে নেওয়া হয়। পরবর্তীতে থাইল্যান্ডের সীমান্তবর্তী মায়ে সট এলাকা দিয়ে জোরপূর্বক মিয়ানমারে পাচার করা হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতিমূলক কাজে বাধ্য করা হয়।
দেশে ফেরা ভুক্তভোগীরা হলেন—লালমনিরহাটের মো. আব্দুল মালেক ও হাবিবুর রহমান, ঢাকার রহিম বাদশা, খুলনার এসকে মিনহাজুল হোসেন, নরসিংদীর মো. মেহরাজ হাসান, ফরিদপুরের রিয়াজ ফকির, গাজীপুরের রিপন মিয়া এবং বান্দরবানের উলহাসায় মারমা।

ভুক্তভোগী মেহরাজ হাসান জানান, কম্পিউটার সংক্রান্ত কাজের প্রলোভনে তিনি প্রথমে দুবাই এবং পরে থাইল্যান্ডে যান। সেখান থেকে তাকে মিয়ানমারে নিয়ে দেড় বছরের একটি চুক্তিতে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। তার কাজ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষের ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করা। সাপ্তাহিক নির্ধারিত টার্গেট পূরণে ব্যর্থ হলে তাকে কড়া রোদে দৌড়ানো, ২০ লিটার পানির পাত্র বহন করা এবং দীর্ঘ সময় অন্ধকার কক্ষে আটকে রাখাসহ বিভিন্ন অমানবিক নির্যাতনের শিকার হতে হতো।
অন্য ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ট্যুরিস্ট ভিসায় থাইল্যান্ডে নেওয়ার পর মায়ে সট সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে পাচার করা হয় এবং একইভাবে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়। এক পর্যায়ে দেশে ফেরার বিনিময়ে পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে একই ধরনের নির্যাতনের শিকার আরও ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসেন।
