
মোঃ রাসেল
অলিগলিতে কিন্ডারগার্টেন-স্কুল, তোয়াক্কা নেই নিয়ম-নীতির। লাগামহীনভাবে ব্যাঙের ছাতার মতো বেড়েছে যত্রতত্র কিন্ডারগার্টেন গড়ে তোলার প্রবণতা। অভিভাবকদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।
সেখানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। অথচ অনুমোদিত প্রতিষ্ঠানেরই সর্বোচ্চ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর কথা।
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব প্রতিষ্ঠান পাড়া-মহল্লায় চটকদার ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আসছে। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অভিভাবকরাও তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুলে দিচ্ছেন কিন্ডারগার্টেনগুলোর সংশ্লিষ্টদের হাতে। অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে চলছে ক্লাস-পরীক্ষা। নেই পর্যাপ্ত শিক্ষকও। যারা এসব কিন্ডারগার্টেনে পাঠদান করছেন, তাদের অধিকাংশই আবার কলেজপড়ুয়া। চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলে দিনের পর দিন তাদের দিয়েই চলছে ক্লাস-পরীক্ষা।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর সবুজবাগ থানাধীন ৮২/৫/বি মাদারটেক বাজার এলাকায় গড়ে তোলা হয়েছে ‘দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নামে একটি প্রতিষ্ঠান। নিচতলা ভাড়া নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। অন্ধকারাচ্ছন্ন চারটি কক্ষে চলে ক্লাস-পরীক্ষা। সারা বছরই শিক্ষার্থী ভর্তি করানো হয়।
স্কুলের ভেতরে ঢুকে দেখা যায়, টিনশেড বাড়ির মতো সারিবদ্ধ চারটি কক্ষ। সেখানেই দুটি শিফটে প্লে-গ্রুপ থেকে ৫ম স্তরের শিক্ষার্থীদের ক্লাস করানো হয়। তবে শিক্ষক মাত্র ১০জন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। শ্রেণিকক্ষ ছোট হওয়ায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। ইচ্ছেমতো ভর্তি ফি, টিউশন ফি নির্ধারণ করে কর্তৃপক্ষ। পাঠ্যপুস্তক বোর্ডের বাইরেও তিন থেকে পাঁচটি বই অতিরিক্ত পড়ানো হয়। সেজন্য বাড়তি ফিও আদায় করা হয়।
এক ভর্তিচ্ছু অভিভাবকের সাথে কথা হলে সে জানায়, স্কুলের শাখা প্রধান তাকে বলেছে মাদারটেক বাজার রোড শাখায় নার্সারি গ্রুপের ভর্তি ফর্মের জন্য দেওয়া লাগবে ৩০০ টাকা। আরো ভর্তি ফি ৩০০০ টাকা , সেশন চার্জ ৩০০০ টাকা, মাসিক বেতন ৮০০ টাকা, বই ১২৭৫ টাকা, খাতা ২২০ টাকা, ডায়েরি ২৫০ টাকা , আইডি কার্ড ১৫০ টাকা দেওয়া লাগবে। নার্সারিতে এক স্টুডেন্ট ভর্তির জন্য মোট ৮৬৯৫ টাকা চাওয়া হচ্ছে। এই সব কিন্ডারগার্ডেন এ পড়াতে যদি এতো টাকা খরচ হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে পড়াবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরজুড়ে এখানে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ইচ্ছেমতো নিজেরাই তৈরি করেন সিলেবাস। ফিও নির্ধারিত নয়। যার থেকে যেমন খুশি অর্থ আদায় করা হয়। তবে প্রাথমিকে সর্বনিম্ন ৮০০ টাকা এবং মাধ্যমিকে ১২০০ টাকা টিউশন ফি আদায় করা হয়ে থাকে। এছাড়া আইডি কার্ড, সেশন চার্জ, নোট-গাইড ফি আদায় করা হয়।
সরকারের সংশ্লিষ্টদের তথ্য মতে, সাড়ে ৩০০টি কিন্ডারগার্টেন স্কুল অনুমোদন পেলেও গজিয়ে উঠেছে হাজার হাজার। কোনো কোনো প্রতিষ্ঠান ছোট পরিসরে শুরু করলেও এখন স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। সরকারি নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।
