
দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকে দূরে আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়েই প্রত্যাবর্তনের কথা ছিল তার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় ‘জিরো’ নায়িকার কামব্যাকের পরিকল্পনা আপাতত অতীত। আনুশকাকে দেখার আশায় ভক্তদের যখন প্রায় চাতক পাখির দশা, এমন সময়ে অভিনেত্রী নিজেই দিলেন নয়া ইঙ্গিত।
বলিউডের রুপালি পর্দার জৌলুস, ক্যামেরা আর লাইট থেকে এখন যোজন যোজন দূরে রাখবেন আনুশকা শর্মা। মাতৃত্বের অসীম সুখে মজে থাকা আনুশকা আপাতত অভিনয়ের চেয়ে ‘মা’ হিসেবে নিজের পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন বিরাটপত্নি। ইনস্টা স্টোরিতে লিখেছেন, মাতৃত্বসুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।
অভিনেত্রীর এমন পোস্ট দেখেই গুঞ্জন শুরু। নেটিজেনদের জিজ্ঞাসা, তবে কি পাকাপাকিভাবে বি-টাউন ছাড়ছেন আনুষ্কা? সেসবের কোনো জবাব তিনি দেননি।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিনকাল কাটছে এখন দুই সন্তান ভামিকা ও অকায়কে ঘিরে। আসছে ফেব্রুয়ারিতে দুই বছরে পা রাখবে ছোট ছেলে অকায়। আর বড় মেয়ে ভামিকার পাঁচ বছরের জন্মদিনেই যেন নিজের মনের আগল খুলে দিলেন অভিনেত্রী। সন্তানদের কোলাহল আর ঘরকন্যার ব্যস্ততায় আনুশকা এতটাই ডুবে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে গুরুদায়িত্ব পালনই তার কাছে এখন পরম পাওয়া। সম্প্রতি ভামিকার জন্মদিনেই ইনস্টাগ্রামে এই আবেগঘন বার্তা দিয়ে এমন ইঙ্গিত করেন আনুশকা।
গত দেড় বছর ধরে এ তারকা জুটি লন্ডনে থাকছেন ফটোশিকারিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে সন্তানদের আড়াল করতেই তাদের এই প্রবাস জীবন। সেখানে ঘরকন্না আর সংসারের পাশাপাশি তারা ঝুঁকেছেন আধ্যাত্মিক চর্চায়। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়।
