দেশে আবারও ভূমিকম্প

ভোলার মনপুরা উপজেলায় ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ ভূকম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। এ সময় দ্বীপটির বিভিন্ন এলাকার বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ স্থাপনা কেঁপে ওঠে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে হঠাৎ মসজিদটি কেঁপে ওঠে। মুসল্লিরা বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারতের মনিপুর ও আসাম অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার উপকূলীয় এই এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল বলে স্থানীয়রা জানান।