
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করলেও রাজধানীর বাজারে এর প্রতিফলন নেই। উল্টো নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।
গত কয়েকদিন ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি সিলিন্ডার এলপিজি ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। যদিও ভোক্তাদের সবসময়ই নির্ধারিত দামের চেয়ে কিছুটা বাড়তি খরচ করতে হয়। তবে, এবারের মূল্যবৃদ্ধি পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চড়া দামের পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটও দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, শীতকালে স্বাভাবিকভাবে এলপিজির চাহিদা বাড়ে। কিন্তু সেই তুলনায় বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। চাহিদা ও জোগানের এই অসামঞ্জস্যের সুযোগ নিয়ে খুচরা পর্যায়ে দাম অস্বাভাবিক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
রাজধানীর প্রায় সব এলাকায় এখন সিলিন্ডার গ্যাসের উচ্চমূল্য ও সংকটের একই চিত্র। মূলত যাদের বাড়িতে পাইপলাইনে গ্যাসের সংযোগ নেই, তারাই এলপিজির প্রধান গ্রাহক। রান্নাবান্নাসহ প্রতিদিনের জরুরি প্রয়োজনে এই গ্যাসের বিকল্প না থাকায়, বাধ্য হয়ে হাজার-হাজার পরিবারকে নির্ধারিত দামের চেয়ে ৫০০-৬০০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, পরিবেশক (ডিস্ট্রিবিউশন) পর্যায় থেকে বর্তমানে এলপিজি সিলিন্ডার পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ খুবই সামান্য। এ ছাড়া পাইকারি পর্যায়ে বাড়তি দামে পণ্যটি কিনতে হচ্ছে বলে এর সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে।
বিইআরসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা অভিযোগগুলো খতিয়ে দেখছেন। ট্রেডার পর্যায় থেকে শিপমেন্ট আটকে থাকার কারণে সংকটের সৃষ্টি হয়েছে বলে কোম্পানিগুলো তাদের জানিয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেইনের মতে, এলপিজি এখন সাধারণ মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য। তিনি বলেন, “পুরো বাজার বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকায় সরকারি তদারকি দুর্বল হয়ে পড়েছে। বিইআরসি’র উচিত কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা এবং এলসি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে দ্রুত সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে তার সমাধান করা।”
রাজধানীবাসীর দাবি, শীতের এই মৌসুমে রান্নার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
