
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পাল্টানোর দাবি তুলেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (২১ ডিসেম্বর) এ দাবিতে উপাচার্যের অফিসের মূল ফটক আটকে তারা বিক্ষোভ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
এ দুই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশাকে স্মারকলিপিও দিয়েছেন।
স্মারকলিপি প্রদানের আগে পৌনে ৩টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
এসময় তারা ‘ফ্যাসিবাদের আইকন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই মাটিতে হবে না’, ‘আছে যত ফ্যাসিবাদ, করতে হবে উৎখাত’, ‘বাকশালের জনক কে, শেখ মুজিব-শেখ মুজিব’এসব স্লোগান দেন।
পরিবর্তন করতে চাওয়া স্থাপনাগুলোর মধ্যে দুটি আবাসিক হল, একটি হোস্টেল ও দুটি কর্মকর্তা–কমচারীদের আবাসিক স্থাপনা রয়েছে। হল দুটির মধ্যে ‘শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’ করার পক্ষে দাবি জানিয়েছেন তারা।
এরমধ্যে শেখ মুজিবুর রহমান হলের ফটকে এরই মধ্যে হল সংসদের প্রতিনিধিরা পালটে শহীদ ওসমান হাদি হল লিখে দিয়েছেন। অন্যদিকে বঙ্গমাতা ফলিলাতুন্নেছা হলের নাম পাল্টে ফেলানী করতে চাইলে হল সংসদ এবং শিক্ষার্থী আপত্তির কারণে তা বদলানো হয়। হলের শিক্ষার্থীর প্রস্তাবনায় সেই হলের নাম বীরপ্রতীক সিতারা বেগম হল করার প্রস্তাব করা হয়েছে।
বিক্ষোভে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমাদের প্রথম দাবি ফ্যাসিবাদের আইকনদের নাম অনুসারে বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা আছে, সব স্থাপনার নাম অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জুলাই বিপ্লবীদেরকে হত্যাযজ্ঞ করছে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
