সারাদেশে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

কর্মসূচির অংশ হিসেবে তারা গত ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এ কর্মসূচি সারাদেশের অনেক প্রতিষ্ঠানে পালিতও হচ্ছে।

ফলে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়েই বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান আগেই নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কলেজিয়েট স্কুল গতকালই নোটিশ দিয়ে আজকের পরীক্ষার না নেওয়ার কথা জানায়। সকালে খুলনায় অবস্থিত সরকারি করোনেশন গার্লস হাইস্কুলের একজন শিক্ষক গণমাধ্যমকে জানান তাদের বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না।

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়েও আজকের বার্ষিক পরীক্ষা হয়নি।

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জের লৌহজং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়েও কর্মবিরতি পালনের তথ্য পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

এভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন বিভাগের অনেক প্রতিষ্ঠানেই পরীক্ষা হচ্ছেনা বলে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা জানিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মাধ্যমিক সরকারি বিদ্যালয় রয়েছে ৭টি। সবগুলোতেই কর্মবিরতি পালিত হচ্ছে।

এর আগে, গতকাল (রবিবার) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা গণমাধ্যমকে জানান, সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন; কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।

এ বিষয়ে গতকাল (রবিবার) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে (রবিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন; কিন্তু দাবিগুলো না মানায় আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।