ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী।

শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩৪৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরে বিভিন্ন জেলার।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ২৪৩ জন। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে এর প্রকোপ আরও বাড়ে। তাই মশা প্রতিরোধী ওষুধ ব্যবহার, পরিবেশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, মশা নিয়ন্ত্রণে শুধু জেল-জরিমানা বা সচেতনতা কার্যক্রম যথেষ্ট নয়। সুনির্দিষ্ট জরিপ, বৈজ্ঞানিক পদ্ধতি ও দক্ষ জনবল দিয়ে টেকসই ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।