কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন বন্দি পালানোর চেষ্টা করেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন।

জেল পালানোর চেষ্টা করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—

টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন
জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার শ্রী রনি মহন্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু

তারা সবাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে কারাবন্দি।

এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কারাগারের তমাল ভবনের নিচতলার ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান। তার দেয়া তথ্যে ভিত্তিতে পরদিন ৬ আগস্ট সকালে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কিছু বিপজ্জনক ও সন্দেহজনক উপকরণসহ কক্ষ থেকে পাওয়া যায়:

  • ১টি লোহার পাত
  • ২টি রড
  • কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা রশি 
  • ২৫ ফুট লম্বা বেল্ট
  • লোহার তৈরি ২টি আংটা
  • ১০ ফুট লম্বা ১টি খুঁটি

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের মতো অনুকূল পরিস্থিতি তৈরি হলে তারা পালানোর পরিকল্পনা করছিলেন। উদ্ধারকৃত সরঞ্জামগুলো তারা সেই প্রস্তুতির অংশ হিসেবেই সংগ্রহ করে রেখেছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনা দেশের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে নজরদারির দুর্বলতা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দিদের তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।