গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর

গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

ওসি জানান, এনসিপির মাসব্যাপী ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় কর্মসূচি ছিল। এতে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

এ ঘটনায় এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসের শুরু থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় আজ (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির ঘোষণা দেন।

তার পোস্টে তিনি লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন। বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাআল্লাহ।

আরেকটি পোস্টে সারজিস আলম আরও লেখেন, গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা মাঠে আছি। জেলার নাম দিয়ে বৈষম্য চলবে না। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বাংলাদেশের। গোপালগঞ্জের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে এনসিপিই লড়বে।