
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফরিদপুর থেকে কর্মসূচি (পদযাত্রা) অব্যাহত থাকবে। মাদারীপুর শরীয়তপুরে পরে কর্মসূচি দেওয়া হবে। এনসিপি প্রতিটি জেলায় কর্মসূচি করবে।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের জনগণের জন্যই আমার সেখানে গিয়েছিলাম। আমরা তাদের জন্য কথাও বলেছি। পরে আমরা খুলনা চলে আসি এবং শরীয়তপুরে আমাদের পূর্বনির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি। আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ সমাবেশ শেষ করে মাদারীপুর রওনা দিয়ে আমরা হামলার শিকার হই। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাজ। পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা গোপালগঞ্জ থেকে খুলনা চলে আসি।
জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে,বলেন তিনি।
নাহিদ আরও বলেন, আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র আবারও ফুটে উঠেছে। এ হামলায় প্রশাসনের ভেতর থেকে স্যাবোটাজ (ষড়যন্ত্র) হয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে। তাদের অবস্থান সে রকমই ছিল। আমরা পুলিশের ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা সেখানে যাই। পুলিশ প্রশাসন প্রথম থেকে সতর্ক হলে এমন ঘটতো না। আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের আচরণ করছে। গোপালগঞ্জ থেকে হামলা হলো। এমন হামলা অন্যান্য জেলায়ও হতে পারে।’
