চকবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

রাজধানীর চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো. মোরশেদ আলম তানিম (১৮) নামে এক তরুণ।

মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে চকবাজার থানাধীন বাককুশা বাজার এলাকায় ওই তরুণকে ছুরিকাঘাত করা হয়। আর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানিম লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে। তিনি চকবাজার এলাকায় একটি কসমেটিকস দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মামা তারেক হোসেন বলেন, ‘রাতে খবর পাই যে বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়।’

কে বা কারা তার ভাগিনাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি এ মামা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’