
মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম বলেন, পুলিশ সুরতহাল রিপোর্টে খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুর কথা উল্লেখ করেছে। মরদেহের সিমট্রম (লক্ষণ) দেখে আমাদেরও সেটাই মনে হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এটি পর্যালোচনার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারব।
এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, তিন মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
