
রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ছিল না।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন।
তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স হবে আনুমানিক ২২ ও ২৩ বছর।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, রাতে ৯৯৯-এর সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় পান তারা। তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জানতে পেরেছেন ওই দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নেবে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে , বিজয় সরণি লিংকরোডে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মারা যান। নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে, আরেকজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
