
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন বিডিআর সদস্যরা। সকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের কথা থাকলেও কর্মসূচি আপাতত স্থগিত করে ৯ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গেছেন বলে জানা গেছে।
রবিবার (২২ জুন) দুপুর ১২টায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়াল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবি আদায়ে জড়ো হন সাবেক বিডিআর সদস্যরা। তারা ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা করেছিলেন। তবে পরবর্তী সময়ে সেটি স্থগিত করে শহীদ মিনারেই অবস্থান করছেন বিডিআর সদস্যরা।
বিডিআর সদস্যরা বলেন, ‘আমরা আশা করছি আজ আমাদের প্রতিনিধি দল সরকারের সাথে কথা বলে একটি সন্তোষজনক ফলাফল নিয়ে আসবে। আর যদি ফলাফল সন্তোষজনক না হয় আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। এমনকি মার্চ টু সচিবালয়ও হতে পারে।’
আন্দোলনকারীদের তিন দফা দাবি
১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ: পিলখানা ও দেশের বিভিন্ন বিডিআর ইউনিটে গঠিত বিশেষ আদালত ও মহাপরিচালকের আদেশে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬তম ব্যাচসহ) সকল বিডিআর সদস্যকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এবং পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
২. নিরপেক্ষ তদন্ত ও কারাবন্দিদের মুক্তি: পিলখানা হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটিকে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। কমিশনের কার্যপরিধিতে থাকা ‘ব্যতীত’ শব্দ ও ধারা ২(৫) বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। প্রকৃত অপরাধীদের শাস্তি এবং মিথ্যা সাক্ষ্যে দণ্ডিত হয়ে ১৬ বছর ধরে কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে।
৩. চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন ও বিডিআর নাম পুনঃস্থাপন: ২০০৯ সালের ঘটনার প্রেক্ষাপটে যেসব সেনা কর্মকর্তা ষড়যন্ত্রের শিকার হয়ে অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনরায় প্রতিষ্ঠা করতে হবে— যা দেশের সীমান্ত রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।
