ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার (১৫ জুন) থেকে শুরু সরকারি অফিস। ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছে মানুষ।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন হাজারো মানুষ। সেই আনন্দ উদযাপন শেষে এখন কর্মস্থল ঢাকায় ফিরছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্যসেবা কেন্দ্রের জোবায়ের হোসেন জানান, আজ (শনিবার) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬ টি ট্রেন কমলাপুর পৌঁছেছে। এর মধ্যে বুড়িমারী, রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস- এই ৩ টি ট্রেন বিলম্বে এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী বোঝাই করে ঢাকা এসেছে।

এদিন সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রীদের বেশিরভাগই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন। ঈদ উদযাপন শেষে তারা কর্মস্থলে ফিরছেন।

রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, কেউ এসেছেন সপরিবারে, কেউ একা। সবার সঙ্গে ছিল ব্যাগ, স্যুটকেস ও শিশুরা।

যাত্রী বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম, এখন ফিরতে হচ্ছে চাকরির কারণে। ভিড় একটু বেশি, তবে নিরাপদে এসেছি।’