ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।

সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।

এদিন সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রীদের বেশিরভাগই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন। ঈদ উদযাপন শেষে তারা কর্মস্থলে ফিরছেন।

রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, কেউ এসেছেন সপরিবারে, কেউ একা। সবার সঙ্গে ছিল ব্যাগ, স্যুটকেস ও শিশুরা।

যাত্রী বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম, এখন ফিরতে হচ্ছে চাকরির কারণে। ভিড় একটু বেশি, তবে নিরাপদে এসেছি।’