
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে।
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা । আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
রবিবার (১ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ প্রতিবেদন দাখিল করা হচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুর ১২ টার পর ট্রাইবুনালে অভিযোগ পড়ে শোনাচ্ছেন।
এ মামলায় শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
অভিযোগ দাখিলের মাধ্যমে জুলাই – অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে প্রথম কোন বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালানোর অভিযোগ রয়েছে। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান এই আন্দোলনে।
