
প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এই রুটে ২০টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।
