জবি শিক্ষার্থীদের অনশন ভাঙ্গালেন ইউজিসি চেয়ারম্যান

পানি পান করিয়ে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙ্গালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে এমনটাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের সাথে বৈঠকে বসে সংশ্লিষ্টরা। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বিশ্বিবদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি, আবাসান সমস্যা নিরসনে অস্থায়ী হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মানের কাজ অতিদ্রুত শেষ করার মতো সিদ্ধান্ত৷

এর আগে, দাবি আদায়ে বিকেল ৩টায় কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন।

সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে গণঅনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

প্রসঙ্গত, চার দফা দাবিতে তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাদের চার দফা হলো ১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।