
ইসলামের সুমহান আদর্শে মায়ের মর্যাদা এক বিশেষ স্থান অধিকার করে আছে। কোরআন ও হাদিসের অমূল্য বাণী মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে। মায়ের প্রতি কর্তব্য পালন কেবল সামাজিক প্রথা নয়, বরং তা প্রতিটি মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ইসলামে মাতা-পিতার প্রতি সম্মান প্রদর্শনকে আল্লাহতায়লার প্রতি আনুগত্যের পরেই স্থান দেওয়া হয়েছে।
কোরআন মজিদে আল্লাহতায়ালা বারবার মা-বাবার প্রতি সদাচরণ ও কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন।
তিনি ইরশাদ করেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না। আর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। (সুরা নিসা, ৩৬)।
অন্য আয়াতে আল্লাহতায়ালা আরও বলেন, ‘আর আমি মানুষকে তার পিতা-মাতার ব্যাপারে উপদেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানোতে দু’বছর লেগেছে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমার কাছেই।’ (সরা লুকমান, ৩১-১৪)। এই আয়াতগুলোতে মায়ের গর্ভধারণের কষ্ট, সন্তান জন্মদান ও লালন-পালনে তার অসীম ত্যাগ এবং দীর্ঘমেয়াদী পরিচর্যার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
হাদিসের আলোকে মায়ের মর্যাদা আরও সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মায়ের মর্যাদাকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ‘আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ লোকটি আবার জিজ্ঞাসা করলেন, ‘তারপর কার?’
তিনি বললেন, ‘তোমার মায়ের।’ লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন, ‘তারপর কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ চতুর্থবার লোকটি জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘তোমার পিতার।’ (বুখারী ও মুসলিম)। এই হাদিস থেকে সহজেই অনুধাবন করা যায় ইসলামে মায়ের স্থান কতখানি উচ্চে।
শুধু তাই নয়, রাসুলুল্লাহ (সা.) আরও সুস্পষ্টভাবে বলেছেন, ‘মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।’(নাসায়ি ,৩১০৪)। এই একটি বাক্যেই মায়ের অসীম গুরুত্ব ও মর্যাদার চিত্র ফুটে ওঠে। মায়ের সন্তুষ্টি অর্জন সন্তানের জন্য জান্নাত লাভের অন্যতম মাধ্যম। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতি প্রদর্শন করা প্রতিটি মুসলমানের অবশ্যকর্তব্য।
মা তাঁর গর্ভে সন্তানকে ধারণ করেন, সীমাহীন কষ্ট সহ্য করে তাকে পৃথিবীর আলো দেখান। এরপর নিজের আরাম-আয়েশ ত্যাগ করে সন্তানকে লালন-পালন করেন, তাকে বড় করে তোলেন। সন্তানের সামান্যতম কষ্টের জন্য মায়ের হৃদয় ব্যথিত হয়। ইসলামে মায়ের এই ত্যাগ ও কষ্টের প্রতি গভীর মনোযোগ দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা সন্তানের উপর মায়ের হককে অপরিমেয় করে রেখেছেন।
ইসলাম মায়ের প্রতি যথাযথ আদব ও সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। মায়ের সাথে সর্বদা নম্র ও ভদ্র আচরণ করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার প্রয়োজন পূরণ করা এবং তার জন্য দোয়া করা সন্তানের অবশ্য কর্তব্য। কখনো মায়ের মনে কষ্ট দেওয়া বা তার সাথে রুঢ় ব্যবহার করা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ মায়ের একটি দীর্ঘশ্বাসও সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনতে পারে।
