
রাজস্ব আদায়ে আবারও নতুন মাইলফলক সৃষ্টি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৬১ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে ডিএসসিসি।
সোমবার (১ জুলাই) দুপুরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব আদায় সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর করেছেন। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে ফুল দিয়ে বরণ করেন।
রাজস্ব আদায়ের সংক্ষিপ্ত বিবরণীতে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর (হোল্ডিং ট্যাক্স) বাবদ ৪০৩ কোটি ১৮ লাখ, বাজার সালামি খাতে ১৪৮ কোটি ৪০ লাখ, বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) ফি বাবদ ৭৭ কোটি ২৭ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর থেকে ১৩২ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে ডিএসসিসি।
ডিএসসিসি মেয়র বলেন, ‘কোন ধরনের কর বৃদ্ধি না করার যে ওয়াদা আমি ঢাকাবাসীকে দিয়েছিলাম, তা সম্পূর্ণরূপে রক্ষা করা হয়েছে। এছাড়া দুর্নীতি, অনিয়ম, গাফিলতি রোধ করার মাধ্যমে ঢাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডিএসসিসি। ফলে রাজস্ব আদায়ে নতুন নতুন মাইলফলক সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ও সবার কর্মতৎপরতায় এবার বিগত বছরের রাজস্ব আদায়ের পরিমাণকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে ডিএসসিসি। এর মাধ্যমে ডিএসসিসি নিজস্ব অর্থায়নে আগের চাইতে আরও বেশি উদ্যোগ ও কর্মযজ্ঞ বাস্তবায়ন করতে পারবে। ঢাকাবাসীকে আরও বৃহৎ পরিসরে নাগরিক সেবা নিশ্চিত করা যাবে।’
বিগত ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব আদায় ছিল যথাক্রমে ৫১৩ দশমিক ৯৬ কোটি, ৭০৩ দশমিক ৩১ কোটি, ৮৭৯ দশমিক ৬৬ কোটি ও ১০৩১ দশমিক ৯৭ কোটি টাকা।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
