অটোরিকশা চালকদের অবরোধ : আসামি কয়েক হাজার

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার (১৯ মে) রাজধানীর মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। ওইসময় বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্র্যাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দেন, ভাঙচুর করেন অন্তত ১০টি যানবাহন। এসব অভিযোগে আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে পল্লবী থানায় ২টি, কাফরুল থানায় ১টি এবং মিরপুর মডেল থানায় ১টি মামলা দায়ের করেছে পুলিশ।

মিরপুর ডিএমপির বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, রোববার দিনগত রাতে মিরপুরের পল্লবী থানায় মামলা ২টি দায়ের করা হয়। একটি মামলা পল্লবী থানা পুলিশ ও আরেকটি মামলা পল্লবী ট্র্যাফিক জোন থেকে দায়ের করা হয়।

অন্যদিকে কাফরুল থানা ও মিরপুর মডেল থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকাল দিনভর আন্দোলন অবরোধের নামে পুলিশের কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পুলিশের ওপরে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় প্রায় দেড় হাজারের বেশি অটো রিকশা চালককে আসামি করা হয়েছে। এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

ডিসি জসীম উদ্দীন বলেন, রোববার দুপুরের পর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় অটোরিকশা চালকেরা। তারা নিচে রাস্তাসহ কালশী ফ্লাইওভার অবরোধ করে রাখে। এক পর্যায়ে তারা বিকেলের দিকে কালশীর রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন পরিবহনের একাধিক বাসে ভাঙচুর করেন। এছাড়া কালশী মোড়ে ট্র্যাফিক পুলিশ বক্সে আগুনও ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, যে বা যারা পুলিশের ওপর হামলা করেছে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পল্লবী থানায় দায়ের করা দুই মামলায় দেখা যায়, এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে যে মামলাটি করেছেন সেটিতে ২৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১ হাজার থেকে ১২শ জনকে।

অন্যদিকে একই থানায় ট্র্যাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের পক্ষ থেকে দায়ের করা মামলার বাদী সার্জেন্ট মিন্টু চন্দ্র দে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত পাঁচশো থেকে ছয়শো জনকে।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান জানান, পল্লবী থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, কাফরুল থানায় দায়ের করা মামলায় ৬০০/৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা পুলিশের কর্তব্য কাজে বাধা, ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে মামলায়। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।

মিরপুর মডেল থানার ওসি মুন্সির সাব্বির আহমেদ জানান, দায়ের করা মামলায় আসামি অগণিত। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালনো হচ্ছে।