
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার (০১ মে) ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশ প্লাটফর্ম থেকে তার মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে মরদেহ।
রহিমা আক্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের একটি ট্রেনে করে কমলাপুর আসেন ওই ব্যক্তি। এরপর ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের মাঝামাঝি জায়গায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেখানেই মারা যান তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় শনাক্ত করেন। এরপর স্বজনদের সাথে যোগাযোগ করা হয়। তার নাম মোশাররফ হোসেন। বাবার নাম জয়বুদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। বর্তমানে চট্টগ্রামের একটি সিকিউরিটি ফার্মে চাকরি করতেন তিনি। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
