রাজধানীতে এক পশলা বৃষ্টি

কয়েক দিনের দাবদাহের পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ছেয়ে আছে, দেখা মেলেনি সূর্যের। সকাল ৯টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে সময় সংবাদের প্রতিনিধিরা জানিয়েছেন, দেড় ঘণ্টার মতো কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি ছিল। সঙ্গে ছিল হিমেল হাওয়া। বাতাস ও বৃষ্টির কারণে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়বে। ঈদের দিন রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এতে মৃদু থেকে মাঝারি তাপদাহ হবে।