
রাজধানীর ডেমরা এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিক এ আমলিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে রাজধানীর নন্দীপাড়া থেকে সিএনজি করে স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় ফিরছিলেন শাহ আলম। পথে একটি বাসের সঙ্গে তাকে বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান যাত্রী শাহ আলম। গুরুতর আহত হন চালক শাওন।
আাহত অবস্থায় শাওনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনিও মারা যান।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে গেছে। এখনো বাস শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
অটোরিকশার যাত্রী শাহ আলম ভূঁইয়ার বাসা ডেমরা শারুলিয়া বাজার এলাকায়। রাতে বাসায় ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
অটোরিকশার চালক শাওন এর বাসা সবুজবাগ থানার মাদারটেক এর নতুনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১টায় চালক শাওন এর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাগানবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
