তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে

আগামী কয়েকদিনে দেশে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে তাপপ্রবাহ তীব্র হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।

আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে রাজধানীসহ সারাদেশের মানুষ গরমে কষ্ট করছেন। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জনজীবন। আবার সোমবার তাপপ্রবাহের আওতা ক্রমশ বেড়েছে। আগের দিন অর্থাৎ রোববার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার পর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আর সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যদিও বৃষ্ট হয় তাহলে সেটা ২০ তারিখের পর হতে পারে। সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।