৩ ঘণ্টায় মুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির

জামিনে থাকা মামলায় গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মুক্তাদিরের আইনজীবীরা থানায় মুক্তাদিরের জামিনের কাগজপত্র প্রদর্শন করলে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে সিলেট কতোয়ালি থানা পুলিশ।

মুক্তাদিরকে থানা থেকেই ছেড়ে দেয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তাতে মুক্তাদির জামিনে ছিলেন। গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখাতে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

সুদীপ বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলে। সে মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছিলে।

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।